খুলনার ডুমুরিয়ায় মাদক সেবনের অভিযোগে তিন যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর এলাকায় অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া থানার এসআই আলামিন মুন্সী। এ সময় মাদক সেবনরত অবস্থায় কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের অলিয়ার রহমানের ছেলে রিফাদ হোসেন (১৯), কামরুল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯) এবং চিংড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে ইয়াসিন শেখ (২৯) কে আটক করা হয়।
পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।
নুর মোহাম্মাদ শেখ (ডুমুরিয়া) প্রতিনিধি, 


















