তরুণ-তরুণীদের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
ইউকে এইডের সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের বাস্তবায়নে (১৬-১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোর্ব জেলা ফোরামের কো-অর্ডিনেটর সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক ও দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ইলাহী ও সাবেক অধ্যাপক হোসেন আলী।
প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান (রঞ্জু), সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সাতক্ষীরা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ ফ্যাসিলিটেটর ও জেলা কো-অর্ডিনেটর রুদ্র রায়, ফোর্ব-এর জেলা কো-অর্ডিনেটর তাপস সরকার, অমিত মণ্ডল, সুদীপ্ত দেবনাথ ও সংগ্রাম বিশ্বাস।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। এতে নেতৃত্বের গুণাবলি বিকাশ, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা, ঘৃণা, দ্বন্দ্ব ও সহিংসতা প্রতিরোধ, দলগত কাজ এবং সমাজে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রশিক্ষণে তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নিজ নিজ এলাকায় সামাজিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে ধারণা লাভ করেন।
১৮ সেপ্টেম্বর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফোর্ব ফোরামের যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি।
তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক নাগরিক অংশগ্রহণ বাড়াতেই এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
স্টাফ রিপোর্টার, 
























