শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি:”স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এ “সার্ভিস উন্নয়ন” শীর্ষক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর ) দুপুর ২টায় হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, পুষ্টি ও ডায়েট বিশেষজ্ঞ পুষ্টিবিদ তাছনীম জান্নাত প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও ডা. আসলাম হোসেন। এছাড়াও হাসপাতালের সকল বিভাগীয় ইনচার্জসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।সভাপতির বক্তব্যে মুহা. মাহবুবুর রহমান বলেন, “রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের প্রত্যেকটি কর্মীকে আরো বেশি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সাথে যত্ন নিতে হবে।” এসময় অতিথিরা বলেন, “চিকিৎসা একটি মহান পেশা। শুধু ওষুধ বা প্রযুক্তি নয়, একজন চিকিৎসাকর্মীর হাসিমুখ ও সহানুভূতিশীল আচরণ অর্ধেক রোগ নিরাময় করে দেয়। হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং আধুনিক সেবা নিশ্চিত করতে সকলকে আরও প্রো-অ্যাক্টিভ বা অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”সভায় হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি করতে এবং রোগীদের ভোগান্তি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দ্রুততম সময়ে জরুরি সেবা নিশ্চিত করা এবং প্রতিটি বিভাগে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টার 
















