বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করেছেন দলটির নেতা-কর্মীরা। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফের নেতৃত্বে এ র্যালি বের করা হয়।
শহরের প্রাণিসম্পদ মোড় থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভায় অংশ নেন র্যালিতে থাকা নেতা-কর্মীরা।
র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যেও তাঁদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালিতে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটির ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিভিন্ন সময় ক্ষমতায় থাকা এবং বিরোধী দলে থেকে আন্দোলন-সংগ্রাম করার ইতিহাস রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পক্ষে অবস্থানের কথা বলে আসছে দলটি।
জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদা জিয়া। দীর্ঘ সময় তিনি দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিএনপি একাধিকবার সরকার গঠন করে।
দলটির নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, উত্থান-পতন ও নানা প্রতিকূলতা পেরিয়ে বিএনপি এখন নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কর্মসূচিতে সেই রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
রিপোর্টার 











