সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্তকরণ, পুনরুদ্ধার এবং জবরদখলকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তারা বলেন, নদী ও খালের অবৈধ দখল, নাব্যতা হ্রাস, পলি জমে পানি প্রবাহে বাধা, অপরিকল্পিত বাঁধ, সড়ক ও কালভার্ট নির্মাণ, খালের রক্ষণাবেক্ষণের অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ও জলাশয় সংরক্ষণ আইন বাস্তবায়নে দুর্বলতা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে সাতক্ষীরার জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
সভায় জানানো হয়, এসব সমস্যা সমাধানে একটি “সাতক্ষীরা নাগরিক সুপারিশপত্র” প্রস্তুত করে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি গণমাধ্যম ও নাগরিক সমাজের মাধ্যমে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিয়মিত সংলাপের উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বর্ষা মৌসুমে ছয় মাস পর্যন্ত জলমগ্ন থাকে। জেলার কপোতাক্ষ, বেতনা, ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, সোনাই ও কালিন্দীসহ অধিকাংশ নদী বর্তমানে নাব্যতা সংকটে রয়েছে। এসব নদীর সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে শহরের প্রাণসায়র খালের সংযোগ স্থাপন করা গেলে শহরসহ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারে।
সভায় অপরিকল্পিত নগরায়ন, প্রশাসনিক গাফিলতি এবং জনসচেতনতার অভাবে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার অবনতির বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।
সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশালের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংবাদিক আবুল কাশেম, মমতাজ আহমেদ বাপ্পী, কিশোরী মোহন সরকার, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মাহাফুজুর রহমান মকুল, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, গোলাম সরোয়ার, আবু আফফান রোজবাবু, ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, জি. এম. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মনির উদ্দীন, আহাসানুল হক রাজিব, ডা. সরোয়ার হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান, আলী নূর খান বাবুল, কওছার আলী, আব্দুস ছামাদ, মফিজুল ইসলাম, শেখ সিদ্দিকুর রহমান, রানা গাইন, আফজাল হোসেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
সাতক্ষীরা প্রতিনিধি, 




















