সাতক্ষীরার পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মজিদ গাজী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা নতুন থানা (আজিজ কমপ্লেক্স) এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ গাজী সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে কাজের উদ্দেশ্যে আব্দুল মজিদ গাজী বাইসাইকেল নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের শাকদহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সোয়া ৯টার দিকে সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে বিনেরপোতার দিকে যাওয়ার সময় আজিজ কমপ্লেক্সের সামনে একটি সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ,দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
বিশেষ প্রতিনিধি 
















