ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেই চলবে না, শিক্ষার গুণগত মানও নিশ্চিত করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে একসঙ্গে কাজ করে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, সে প্রশ্নও তোলেন তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ব্যবহারের বিষয়েও পরামর্শ দেন তিনি। তারেক রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রিপোর্টার 






















