সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাঁকে লোহার শাবল ও গাছের ডাল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে। আহত বৃদ্ধকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের সোনাতলা বাওড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। গত ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে বসতবাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আহত বৃদ্ধের নাম আয়নুদ্দীন সরদার। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছেলে আনিছুর রহমান কলারোয়া থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন আমজেদ আলী (৪৩) ও আনসার আলী (৫০)। তাঁরা একই এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। এর জেরে ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ১৫ থেকে ২০টি গাছ কেটে ফেলেন। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, আনিছুর রহমান বাড়িতে না থাকায় তাঁর বাবা আয়নুদ্দীন সরদার ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে মারধর করেন। একপর্যায়ে আমজেদ আলী লোহার শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।
তিনি বাম হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তাঁর হাতের কনুইয়ের নিচে আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। পরে আনসার আলী গাছের ডাল দিয়ে তাঁকে আঘাত করলে তাঁর ডান পায়ের হাঁটুর নিচে কেটে যায়। বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আনিছুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাবাকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। কলারোয়া থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন আনিছুর রহমান।
আবু আফ্ফান অনি 





















