ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে হবে। তাকে দেশে ফিরিয়ে আনার এটাই একমাত্র পথ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। আপনারা জাম্পার কিনুন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার।’
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডিসেম্বরে আসবেন। আমাদের বিজয় দিবস, ডিসেম্বর আনন্দের মাস হবে।’
শেখ হাসিনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি ডিসেম্বরে আসবেন না। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবেন শেখ আসবে না। তিনি মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে। হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতও অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, হাসিনাকে নিয়ে ভারতও বিপাকে রয়েছে। একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা ভারত উপলব্ধি করছে। এতে দুই দেশের সম্পর্কে অপ্রয়োজনীয় অস্বস্তি তৈরি হচ্ছে।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি একজন অপরাধী। তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করাই দেশে ফেরানোর একমাত্র পথ।
প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা রয়েছে। হাদির হত্যাকারীরাও রয়েছে।’
গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ নিজের অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু পাগল থাকে। এটা সব জায়গাতেই আছে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।’
তিনি বলেন, দুই দেশের জাতীয় পর্যায়ের সরকারের মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে। তাই এ ধরনের বক্তব্য নিয়ে আলোচনা না করাই ভালো।
উল্লেখ্য, মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়া হবে। বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেন তিনি।
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















