সাতক্ষীরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. ওমর ফারুক তার বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। বুধবার (২৯ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেন, স্থানীয় মো. শরিফুল আলম (মনু) তার বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের যে অভিযোগ তুলেছেন, তার কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, ইফতা হাউজিং লিমিটেডের পক্ষে তিনি ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা ক্রয় করেছেন, যা সংশ্লিষ্ট নিবন্ধিত দলিলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তিনি জানান, ১৯ ডিসেম্বর ২০১১ তারিখে সম্পাদিত পারিবারিক রেজিস্ট্রি বণ্টননামা অনুযায়ী মো. শরিফুল আলম মনু সাবেক দাগ নং ২০৪৯ ও হাল দাগ নং ৬৩৫২-এর ২৫.৬০ শতক জমির একক মালিক হন। পরবর্তীতে তিনি নিজের সম্পত্তি থেকে ইফতা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ৫.৮৪ শতক জমি বিক্রয়ের চুক্তি করেন। ওই বিক্রয়ের অংশ হিসেবে ২০১৬ সালের ১৯ এপ্রিল নিবন্ধিত ২৭৮১ নম্বর দলিলের মাধ্যমে ৬ ফুট এবং বিক্রিত অংশ থেকে আরও ৪ ফুটসহ মোট ১০ ফুট প্রশস্ত ও ২৬৭ ফুট দীর্ঘ রাস্তা হস্তান্তর করা হয়।
ওমর ফারুক আরও বলেন, একই বছরের ১৯ জুলাই ৪৯৫৪ নম্বর দলিলের মাধ্যমে শরিফুল আলম মনু খোরশেদ আলম গং-এর নামে ৪.১২ শতক জমি বিক্রয় করেন। ওই দলিলেও ১০ ফুট রাস্তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে রাস্তা পারিবারিক দাবি করার কোনো সুযোগ নেই।
তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি নিবন্ধিত দলিলসহ প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি কারও পারিবারিক রাস্তা দখল করেননি এবং আইনগতভাবে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তির অধিকার ভোগ করছেন।
নিজস্ব প্রতিনিধি 




















