জাল নোটের বিস্তার রোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ নভেম্বর কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সোনালী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার আয়োজনে এবং উপজেলায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মঞ্জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার এজিএম মোঃ রবিউল ইসলাম এবং শেখ সালাউদ্দিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার শাখা প্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু।
কর্মশালায় বক্তারা আসল ও জাল নোট শনাক্তকরণের নানা কৌশল ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দেশের সঠিক মুদ্রা ও বিনিময় ব্যবস্থা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নিয়ম মেনে লেনদেন করা জরুরি। জাল নোটের প্রচলন বাড়লে ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং দেশে মুদ্রাস্ফীতিসহ নানা অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়। এ সময় জাল নোট বহন, লেনদেন ও তৈরি সংক্রান্ত প্রচলিত আইনের ধারা এবং এর কঠোর শাস্তির বিষয়েও উপস্থিত সবাইকে অবহিত করা হয়।
সোনালী ব্যাংক কলারোয়া শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং কর্মকর্তা আয়েশা উদ্দিন জ্যোতির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলারোয়া অঞ্চলের সকল ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ব্যাংক গ্রাহকসহ সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। সবশেষে আর্থিক লেনদেনে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আব্দুল্লাহ আল মামুন 






















