ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে দলবেঁধে মসজিদে যাচ্ছে শিশু-কিশোররা। বাবা, বড় ভাই কিংবা অভিভাবকের হাত ধরে ভোরের আলো ফোটার আগেই মসজিদে উপস্থিত হচ্ছে তারা। ফজরের নামাজে শিশু ও তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দৃশ্য এখন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ব্যতিক্রমী এই সামাজিক ও ধর্মীয় উদ্যোগের নাম ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ (#Men_of_Fajr)।
আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে শুরু হওয়া এই উদ্যোগ ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও এ ধরনের কর্মসূচি চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায়ে অভ্যস্ত করে তোলা এবং মসজিদের সঙ্গে তাদের একটি স্থায়ী সম্পর্ক গড়ে দেওয়া।
আলজেরিয়া থেকে শুরু, ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে
এই উদ্যোগের সূচনা হয় আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন এল কেবিরা এলাকায়। প্রায় চার বছর আগে কোরআনের শিক্ষক ওমর ইসাউই কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে মসজিদে ফজরের নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেন।
শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে শিশুদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। নামাজের পর নাশতার আয়োজন, নিয়মিত উপস্থিতির স্বীকৃতি এবং বিভিন্ন পুরস্কারের মাধ্যমে শিশুদের উৎসাহিত করা হয়।
পরবর্তী সময়ে এই উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশের মানুষও অনুপ্রাণিত হন। একপর্যায়ে আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশেও একই ধরনের কর্মসূচি শুরু হয়।
কুয়েতে ফজরের জামাতে ৫০০-এর বেশি মুসল্লি
উদ্যোগটির ইতিবাচক প্রভাব দেখা গেছে কুয়েতেও। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম ‘কুয়েত টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিভিন্ন মসজিদে ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সম্প্রতি শুক্রবার বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের জামাতে ৫০০-এর বেশি মুসল্লি অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছিলেন শিশু-কিশোর ও তাঁদের অভিভাবক।
মসজিদের ভেতরের পাশাপাশি বাইরের অংশেও মুসল্লিদের উপস্থিতি দেখা যায়। শিশুদের সঙ্গে নিয়ে অভিভাবকদের এমন অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে উদ্যোগটির প্রতি ব্যাপক আগ্রহের ইঙ্গিত দেয়।
উদ্যোগের পেছনে রয়েছেন সমাজকর্মী
কুয়েতে ‘মেন অব ফজর’ উদ্যোগটি এগিয়ে নিতে ভূমিকা রাখছেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামেও পরিচিত।
এই কর্মসূচির মাধ্যমে অভিভাবকদের সন্তানদের সঙ্গে নিয়ে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, শিশুদের ওপর কোনো চাপ সৃষ্টি না করে আনন্দ ও পারিবারিক অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়মিত ফজরের জামাতে অভ্যস্ত করে তোলা।
একটি শিশুর জীবনে পরিবার, শিক্ষক ও সামাজিক পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টিকে কাজে লাগিয়েই উদ্যোগটি পরিচালিত হচ্ছে।
বিভিন্ন দেশে ভিন্ন নামে একই উদ্যোগ
আলজেরিয়ায় শুরু হওয়া কর্মসূচিটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিতি পেয়েছে। জর্ডানে এটি ‘নিশামা আল-ফজর’, মরক্কোয় ‘ফুরসান আল-ফজর’ এবং মিশরে ‘রিজালাত আল-ফজর’ নামে পরিচিত।
এ ছাড়া কুয়েত, কাতার, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন, তুরস্কসহ বিভিন্ন দেশে এ ধরনের উদ্যোগের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু মসজিদেও কর্মসূচিটি পৌঁছেছে।
দেশভেদে আয়োজনের ধরন ও নাম আলাদা হলেও মূল লক্ষ্য একই—নতুন প্রজন্মকে মসজিদমুখী করা এবং ছোটবেলা থেকেই জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা।
নিজস্ব প্রতিনিধি 






















