সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য উপজেলা বা জেলায় বদলির আবেদনগুলো যাচাই-বাছাই করে নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য আবেদন জরুরি ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। স্মারক নম্বর: ৩৮.০১.৮৭০০.০০০.০৪.০০৪.২৬-১৭০৬। স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি গঠন এবং এর আলোকে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর থেকে বদলি কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জুম সভায় আগামী ১ অক্টোবর নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নের আগে বদলি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠন ও সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। স্মারকে আরও উল্লেখ করা হয়, উপজেলার অভ্যন্তরীণ শূন্যপদে শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন না হলে জেলা কমিটির মাধ্যমে নতুন শিক্ষক পদায়নে জটিলতা সৃষ্টি হতে পারে। এ কারণে অন্য উপজেলা বা জেলায় বদলির আবেদনগুলো যাচাই করে নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য হলে জরুরি ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত ওই স্মারকটি সাতক্ষীরার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের
৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ
-
বিশেষ প্রতিনিধি - আপডেট সময়: ১২:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















