যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মুছা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে মামলার প্রকৃত সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে, মুছা মাহমুদ সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত। তবে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
রিপোর্টার 




















