সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজপথে জামায়াতের নেতাকর্মীরা
সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নিউমার্কেট মোড় ও সঙ্গীতা মোড় প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন। এছাড়াও জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিজস্ব প্রতিনিধি 





















