সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কাউনডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় বাড়ি বাড়ি ও দোকানে দোকানে গিয়ে নির্বাচনি দাওয়াত, সালাম বিনিময় এবং ভোট ও দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গড়িয়াডাঙ্গা ওয়ার্ড সভাপতি মোঃ শফি ও মোঃ মনিরুল ইসলাম।
গণসংযোগকালে এলাকার নারীদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। তাঁরা নির্বাচনি কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, যতটা সম্ভব প্রচারণায় অংশ নেবেন, ভোট চাইবেন এবং তাঁকে ভোট দেবেন। এ ছাড়া স্থানীয় দোকানদার ও গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে সমর্থন জানিয়ে বলেন, আপনারা কাজ চালিয়ে যান, আমরা মাঠে ও ভোটকেন্দ্রে আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ, বিজয় অর্জনে সহযোগিতা করব।
এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন মাওলানা রমযান আলী। তিনি বলেন, জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দিতে এবং এলাকার উন্নয়নে তিনি আরও বেশি কাজ করতে চান।
তিনি আরও বলেন, “আল্লাহ যদি রাজি হন এবং আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে দায়িত্ব পালনের সময় আমার কোনো ভুল হলে আপনারা তা ধরিয়ে দেবেন। মসজিদের ইমাম নামাজে ভুল করলে মুসল্লিরা যেভাবে লোকমা দেন, তেমনি চেয়ারম্যান হিসেবে আমি ভুল করলে আপনারাও আমাকে লোকমা দেবেন।”
তাঁর এমন বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়।
মোঃ মাহফুজুর রহমান 

















