দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন এবং দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন দেবহাটা কলেজের সহযোগী অধ্যাপক মো. আকবর আলী, উপজেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল আজাদ।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল— “দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলনও সমান গুরুত্বপূর্ণ।” ফাইনালে পক্ষে অংশগ্রহণ করে দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন এবং বিপক্ষে অংশ নেয় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফরিনা আলম পাপড়ি।
রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
আব্দুর রশিদ, সাতক্ষীরা, 

















