সাতক্ষীরা নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে “নির্যাতন বিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষে মানবাধিকার সংগঠন “অধিকার” -এর উদ্যোগে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
অধিকার সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম ও নির্যাতনের শিকার প্রভাষক টিপু সুলতান, গুলিবিদ্ধ ও নির্যাতনের শিকার ইমরান হোসেন, তাহেরুন সুলতানা ও তানজিলা খাতুন, শাহাজাহান আলী প্রমুখ।
মানববন্ধনে “অধিকার” সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভিন্নমতাবলম্বীদের কেউই নিরাপদ ছিলেন না। তাঁদের অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে অপহরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও দমন-পীড়নের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। মানবাধিকার রক্ষায় দেশে গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মানববন্ধন থেকে বক্তারা নির্যাতনবিরোধী আইন ও আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণ বাস্তবায়ন, একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান। ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন গ্রহণ করে। ১৯৮৭ সালের ২৬ জুন কনভেনশনটি কার্যকর হয় এবং পরবর্তীতে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি 
















