সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও স্থানীয় রুটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) নির্বিঘ্নে চলাচল নিশ্চিত, চালকদের হয়রানি বন্ধ এবং সরকারি নীতিমালার আওতায় লাইসেন্স ও নিবন্ধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারিচালিত থ্রি-হুইলারযান শ্রমিক দল (রেজি. নং-চ-২৪৫৩), সাতক্ষীরা জেলা শাখা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মনিরুজ্জামান, সভাপতি শেখ ফেরদৌস আলম বাবু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সদর উপজেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ ইজিবাইক চালক অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলার বিভিন্ন সড়কে কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহল ব্যাটারিচালিত ইজিবাইকের চলাচলে বাধা সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে চলন্ত ইজিবাইক থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়া, চালকদের ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধভাবে অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছে। এসব কারণে চালকদের আর্থিক ক্ষতির পাশাপাশি জীবিকা নির্বাহও অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্ব্যামারকলিপিতে ব্যাটারিচালিত থ্রি-হুইলার চালকদের সরকারি নীতিমালার আওতায় লাইসেন্স ও নিবন্ধনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে চালকদের অযথা হয়রানি বন্ধ এবং বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া সাতক্ষীরা–পাটকেলঘাটা, সাতক্ষীরা–ঝাউডাঙ্গা–কলারোয়া, কদমতলা–আবাদেরহাট–বাঁশদহা, সাতক্ষীরা–ঘোনা, সাতক্ষীরা–ভোমরা, সাতক্ষীরা–বুধহাটা, সাতক্ষীরা–পারুলিয়াসহ জেলার বিভিন্ন স্থানীয় রুটে ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে আরও দাবি করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ইজিবাইক আটকিয়ে অর্থ আদায় বা চালকদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে কঠোর প্রশাসনিক নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইজিবাইক চালকদের নিরাপত্তা, জীবিকার সুরক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার, 



















