সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন তার স্ত্রী শান্তা ইসলামের বিরুদ্ধে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ এনে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে।
লিখিত অভিযোগে জাকির হোসেন উল্লেখ করেন, ২০২৫ সালের ৩ এপ্রিল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার শাহআলম মার্কেট এলাকার কাশেম শেখের মেয়ে শান্তা ইসলামের সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের পর প্রায় এক বছর তিন মাস সংসার করার পর গত ২১ জুলাই গভীর রাতে তার স্ত্রী বাড়ি থেকে নগদ ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে যান বলে তিনি অভিযোগ করেন।
জাকির হোসেনের দাবি, ঘটনার পর থেকে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে বিভিন্ন প্রশাসনিক কাজেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ঘটনায় তিনি আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি আরও দাবি করেন, শান্তা ইসলামের বিরুদ্ধে অতীতেও একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারী আরও জানান, অভিযুক্তের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারলে তিনি ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন।
এ বিষয়ে আশাশুনি থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি, 

















