সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবীরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ জুন) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এক দফা এক দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবিলম্বে অপসারণের দাবি জানায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানায়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে নানা অনিয়ম ও প্রশাসনিক জটিলতা চললেও সেগুলোর কোনো সমাধান হচ্ছে না। বরং অভিযোগ উত্থাপনকারী শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন না এবং বিভিন্ন সিদ্ধান্তে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করা হচ্ছে। এসব কারণে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রতিবাদ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরাফাত আলী, 











