দেশের রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের একটি অর্থায়ন চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবির পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির বিষয়টি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এতে দেশের মোট পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ দেশীয় শোধনাগার থেকে পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে দেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে পূরণ করতে হয়। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানো গেলে জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কিছুটা কমার পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিকল্পনা অনুযায়ী, আধুনিকায়ন প্রকল্পের কাজ ২০৩০ সালের নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসডিবি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তি স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের। বৈঠকে বাংলাদেশ ও আইএসডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ভবিষ্যতে বাংলাদেশ ও আইএসডিবির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত ও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
বিশেষ প্রতিনিধি 


















