২০২৭ সালে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও দুই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজান পালন করেন।
হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়। নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করেই মাসের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়।
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজান
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ অথবা ৭ ফেব্রুয়ারি শাবান মাসের শেষদিকে রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে ২৯ শাবান সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা নাও যেতে পারে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সে হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।
চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর রমজান সাধারণত ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। ২০২৬ সালে রমজান শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি।
ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ
রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ২০২৭ সালের ঈদুল ফিতরের তারিখ।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হতে পারে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৬ অথবা ১৭ মে ঈদুল আজহা
হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন ৯ জিলহজ পবিত্র আরাফার দিন।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৬ অথবা ৭ মে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুনে শুরু হতে পারে নতুন হিজরি বছর
হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। ১৪৪৯ হিজরি সনের প্রথম দিনও চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হবে।
জিলহজ মাসের শুরু ও দৈর্ঘ্যের ওপর নির্ভর করে ২০২৭ সালের ৫ থেকে ৭ জুনের মধ্যে মুহররম মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মুহররমের উল্লেখিত সব তারিখই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক সম্ভাব্য তারিখ। চাঁদ দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
বিশেষ প্রতিনিধি(অনলাইন ডেস্ক) 






















