জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের উৎপাদিত সবজি ও ফলমূল সংরক্ষণের সুবিধা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি ও নওয়াবেকি বাজারে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এসব সংরক্ষণাগার স্থাপন করা হয়।
উপকূলীয় শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাতসহ নানা প্রতিকূলতার মধ্যেও কৃষকরা বিভিন্ন ধরনের সবজি ও ফলমূল উৎপাদন করছেন। কিন্তু উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক সময় কৃষকদের ক্ষতির মুখে পড়তে হয়। এ পরিস্থিতিতে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন স্থানীয় কৃষির জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ওয়ালিউল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বাস্তবায়িত এ উদ্যোগ কৃষিপণ্যের সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক হতে পারে। মিনি কোল্ড স্টোরেজের সুবিধা কাজে লাগানো গেলে উপযুক্ত সবজি ও ফলমূল তুলনামূলক দীর্ঘ সময় সতেজ রাখা, পচন ও অপচয় কমানো এবং বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষকদের বাড়তি সুযোগ তৈরি হবে।
বিশেষ করে শংকরকাটি মতো একটি কৃষি প্রধান এলাকা অন্যদিকে দক্ষিণ অঞ্চলে অন্যতম বৃহৎ পাইকারি বাজার নওয়াবেকি এলাকার কৃষকরা এ সংরক্ষণব্যবস্থার মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎপাদনের মৌসুমে বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে কৃষিপণ্যের দাম কমে গেলে সংরক্ষণের সুযোগ কৃষকদের পণ্য বিক্রির সময় নির্ধারণে সহায়তা করতে পারে। এর ফলে উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
জলবায়ু ট্রাস্টের সহায়তায় এ ধরনের অবকাঠামো গড়ে তোলা উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়ন এবং কৃষকদের জীবিকা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং কৃষকদের জন্য সহজলভ্য সংরক্ষণসেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, শংকরকাটি ও নওয়াবেকির মিনি কোল্ড স্টোরেজ কার্যকরভাবে পরিচালিত হলে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়বে এবং শ্যামনগরের কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।
শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি 
















