আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে পারুলিয়া বাসস্ট্যান্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, পারুলিয়া বাসস্ট্যান্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি ধানের শীষের পক্ষে গণসমর্থনের প্রমাণ। তিনি দাবি করেন, “ভয়-ভীতি কিংবা প্রলোভন দেখিয়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না।” তিনি আরও অভিযোগ করেন, তার নির্বাচনী ব্যানার ছেঁড়া হয়েছে। নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান। নির্বাচনের বাকি সময়টুকু সক্রিয়ভাবে প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি নির্বাচিত হলে এলাকার সড়ক যোগাযোগ উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিল্পপ্রতিষ্ঠান চালুসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, গোলাম ফারুক বাবু, মোখলেছুর রহমান মুকুল, হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
এ সময় পারুলিয়ার ১৭ জন যুবক বিএনপিতে যোগ দেন বলে আয়োজকরা জানান। পরে প্রার্থী তাদের ফুল দিয়ে বরণ করেন।
কুলিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পোশাক পরে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।
রেজাউল ইসলাম 















