আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারে শিবপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ পথসভা হয়। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার দেখে একটি দল ভীত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা ধৈর্য ধারণ করছি। ইনশাআল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাতক্ষীরাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন। পথসভাস্থল ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

রেজাউল ইসলাম 

















